‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউড তারকা রণবীর সিং। শোনা যাচ্ছে, তিনি এবার পৌরাণিক চরিত্র মহাদেবের ভূমিকায় বড় পর্দায় আসতে পারেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, লেখক অমীশ ত্রিপাঠীর জনপ্রিয় উপন্যাস ‘দি ইমমর্টালস অফ মেলুহা’ অবলম্বনে একটি বড় বাজেটের সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে। এই প্রজেক্টে রণবীর সিংকে মূল চরিত্রে দেখা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে। আরও শোনা যাচ্ছে, নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে বইটির চলচ্চিত্র স্বত্ব অধিগ্রহণের চেষ্টা করছেন এই অভিনেতা।
বর্তমানে ছবিটির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮ সাল থেকে শুটিং শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, অমীশ ত্রিপাঠীর এই উপন্যাসে শিবকে প্রথমে একজন সাধারণ মানুষ হিসেবে দেখানো হয়েছে, যিনি পরবর্তীতে নিজের কর্ম ও গুণের মাধ্যমে দেবতুল্য মর্যাদা অর্জন করেন।
তবে বিষয়টি এখনো পুরোপুরি জল্পনার পর্যায়েই রয়েছে। কারণ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে লেখক অমীশ ত্রিপাঠী জানিয়েছেন, বইটির চলচ্চিত্র স্বত্ব নিয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।
অন্যদিকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রণবীর সিং। ফলে তাকে সত্যিই মহাদেবের চরিত্রে দেখা যাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে ভক্তদের মধ্যে।