বাংলাদেশে ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে। আবেদনটি করেছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এ কে খান হেলথকেয়ার ট্রাস্ট এবং অভিনেত্রী ও প্রাণী কল্যাণ কর্মী জয়া আহসান।
রিটকারীদের পক্ষে শুনানি পরিচালনা করবেন ব্যারিস্টার সাকিব মাহবুব, ড. সিনথিয়া ফরিদ ও অ্যাডভোকেট সাজিদ হাসান।
আবেদনে বলা হয়েছে, অসুস্থ প্রাণীর মাংস প্রতারণামূলকভাবে মানুষের খাদ্য হিসেবে বাজারজাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও তারা কোনো কার্যকর আইনি ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করা হয়। এ কারণেই বিষয়টি উচ্চ আদালতের হস্তক্ষেপের জন্য উত্থাপন করা হয়েছে।
রিটে গাজীপুরে উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংস বাণিজ্যের পূর্ণাঙ্গ তদন্ত, সংশ্লিষ্ট অভিযোগ নিষ্পত্তি এবং যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি এ ধরনের কার্যক্রম বন্ধে জাতীয় নির্দেশিকা ও কর্মপরিকল্পনা প্রণয়ন, অসুস্থ ঘোড়ার নিলাম বন্ধ এবং উদ্ধার করা প্রাণীদের পরিচর্যা ও পুনর্বাসনের জন্য ৬০ দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে গাজীপুরে জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, র্যাব-১ ও পুলিশের যৌথ অভিযানে একটি তুলা কারখানায় অবৈধ জবাইখানার অস্তিত্ব পাওয়া যায়। সেখানে ৩৬টি অসুস্থ ঘোড়া, আটটি জবাইকৃত ঘোড়ার মৃতদেহ এবং বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রশাসনিকভাবে কার্যক্রম বন্ধ করা হলেও, স্থায়ী সমাধান না হওয়ায় এ নিয়ে এখনো উদ্বেগ ও অভিযোগ রয়েছে।