ভারতীয় জনপ্রিয় সিরিজ দ্য রয়্যালস আবার ফিরছে দ্বিতীয় সিজন নিয়ে। তবে নতুন সিজনে বড় পরিবর্তন এসেছে—প্রথম সিজনে প্রধান চরিত্রে থাকা ভূমি পেডনেকর থাকছেন না।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, প্রথম সিজন মুক্তির পর ভূমি পেডনেকরকে ঘিরে ব্যাপক সমালোচনা তৈরি হয়। সেই সমালোচনার প্রভাবেই নাকি তিনি দ্বিতীয় সিজন থেকে বাদ পড়েছেন। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সিরিজ সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দ্বিতীয় সিজনের গল্প এবার সম্পূর্ণ ভিন্ন পথে এগোবে। প্রথম সিজনে মূল গল্প ছিল ঈশান খট্টর এবং ভূমি পেডনেকরের প্রেমকাহিনি, পাশাপাশি একটি রাজপরিবারের আর্থিক সংকট ও পূর্বপুরুষদের প্রাসাদ রক্ষার সংগ্রামকে কেন্দ্র করে।
তবে নতুন সিজনে প্রেমকাহিনির পরিবর্তে রাজপরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক, টানাপোড়েন এবং তাদের জগতের গভীর দিকগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। একই সঙ্গে নির্মাতারা জানিয়েছেন, ভূমি পেডনেকরের সঙ্গে কোনো মতবিরোধের বিষয়ও নেই।
প্রিয়াঙ্কা ঘোষ ও নূপুর আস্থানা পরিচালিত এই সিরিজে প্রথম সিজনে আরও অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার, নোরা ফাতেহি, বিহান সামাত, ডিনো মোরিয়া এবং মিলিন্দ সোমান।
বিশেষভাবে উল্লেখযোগ্য, এই সিরিজের মাধ্যমে ওটিটিতে প্রথমবারের মতো অভিনয় করেন প্রবীণ অভিনেত্রী জিনাত আমান, যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছিল।
দ্বিতীয় সিজনে গল্পের নতুন মোড় এবং চরিত্রগত পরিবর্তন সিরিজটিকে কোন দিকে নিয়ে যায়—এটাই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।