উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে। সোমবার (১১ মে) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
তিনি জানান, কারিনা কায়সারের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। চিকিৎসকরা তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। আজ বিকেলের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন। এর আগে জ্বর ও নানা শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ও হেপাটাইটিস এ ধরা পড়ে। পাশাপাশি দীর্ঘদিন ধরেই তিনি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন।
বর্তমানে তার অবস্থার অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে সবাইকে তার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।