ভারত কান্ত নামের জনপ্রিয় তেলেগু অভিনেতা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।
রোববার (১০ মার্চ) ভোরে ভারতের হায়দ্রাবাদ শহরের আউটার রিং রোডের আদিবাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনার সময় গাড়িটি নিজেই চালাচ্ছিলেন ভারত কান্ত। তার সঙ্গে ছিলেন সিনেমাটোগ্রাফার ও ইউটিউব কনটেন্ট নির্মাতা জি সাই ত্রিলোক।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান ভারত কান্ত ও সাই ত্রিলোক।
ভারত কান্ত অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত ছিলেন। তাকে অনেকেই ‘কাটি ভারত কান্ত’ নামেও চিনতেন। তিনি ‘টেন্যান্ট’ ও ‘গ্রামাম’-এর মতো চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন।
অন্যদিকে সাই ত্রিলোক বিভিন্ন ডিজিটাল চলচ্চিত্র প্রকল্পে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করতেন। জানা গেছে, দুজনই ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার বাসিন্দা ছিলেন এবং দুর্ঘটনার সময় হায়দ্রাবাদের পথে ছিলেন।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।