বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার হঠাৎ লিভারজনিত জটিলতায় অসুস্থ হয়ে পড়েন। পরে গত শুক্রবার (৮ মে) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
পরিবার সূত্রে জানা যায়, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানিয়ে তার বাবা কায়সার হামিদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন।
বর্তমানে কারিনার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানা গেছে। তার রক্তচাপ কমে যাওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) রাখা হয়েছে। চিকিৎসকেরা মেডিকেল সাপোর্টের মাধ্যমে তার অবস্থাকে স্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, কারিনা কায়সার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা জানান, তিনি লিভার সংক্রমণ ও হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন।