বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং–এর বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৩ কোটি ৫৬ লাখ টাকা) মামলা করেছেন।
গত শুক্রবার (৮ মে) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে এ মামলা দায়ের করা হয়।
মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৪ সাল থেকে স্যামসাং তাদের টেলিভিশনের কার্ডবোর্ড প্যাকেজিংয়ে ডুয়া লিপার ছবি তার অনুমতি ছাড়াই ব্যবহার করছে। এতে তার ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন এই গায়িকা।
জানা যায়, ব্যবহৃত ছবিটি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অস্টিন সিটি লিমিট মিউজিক ফেস্টিভ্যালের ব্যাকস্টেজে তোলা হয়েছিল।
মামলার নথিতে দাবি করা হয়েছে, স্যামসাং তার নাম ও জনপ্রিয়তাকে ব্যবহার করে পণ্যের প্রচারণা চালিয়েছে, যা বিভ্রান্তিকর বিজ্ঞাপন হিসেবে বিবেচিত। অভিযোগ পাওয়ার পরও ছবি ব্যবহার বন্ধ না করার কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে কিছু ক্রেতার দাবি, শুধু ডুয়া লিপার ছবি থাকায় তারা ওই টিভি কিনতে আগ্রহী হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।
ডুয়া লিপা শুধু সংগীতশিল্পী নন, তিনি নিজেকে একটি প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার কাজেও সক্রিয় বলে জানা যায়।