বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার গুরুতর অসুস্থ। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।
শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আরেক কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডানা ভাই জোশ’ নামে পরিচিত। এক ফেসবুক পোস্টে তিনি কারিনার শারীরিক অবস্থার কথা জানান।
পোস্টে বলা হয়, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। পরে হঠাৎ একদিন অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তিনি হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন। এর ফলে তার লিভার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য কারিনাকে ভারতে নেওয়ার চেষ্টা করছে তার পরিবার। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
কামরুন নাহার ডানা সবাইকে কারিনার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি প্রয়োজন হলে পরবর্তীতে সহায়তার বিষয়েও জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
কারিনা কায়সার সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। পরিচালক রেজাউর রহমান নির্মিত ‘৩৬-৩৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন কারিনা।
উল্লেখ্য, কারিনার দাদি রানী হামিদ বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু। তার বাবা কায়সার হামিদ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবং মা শাহনাজ সুলতানা কায়সার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।