‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এর সাফল্যের পর এবার নগরজীবনের রুক্ষ বাস্তবতার গল্প নিয়ে ফিরছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
জানা গেছে, পরিচালক ওয়ালিদ আহমেদ নির্মিত ‘ঢাকা ১২০৫’ সিনেমায় অভিনয় করেছেন ভাবনা। সিনেমাটিতে শহরের মানুষের জীবন, আবেগ, সম্পর্ক ও অদেখা বাস্তবতার করুণ চিত্র তুলে ধরা হবে।
এ সিনেমায় ভাবনার বিপরীতে অভিনয় করছেন নবাগত রাকিব হোসেন।
ভাবনার অভিনয় প্রসঙ্গে নির্মাতা বলেন, “ভাবনা তার কাজের প্রতি অত্যন্ত নিবেদিত। তীব্র রোদ উপেক্ষা করেও তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।”
রাকিব হোসেন সম্পর্কে তিনি বলেন, “নবাগত হলেও রাকিব যেকোনো চরিত্র ও পরিস্থিতির সঙ্গে দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারেন।”
জানা গেছে, ‘ঢাকা ১২০৫’ সিনেমার প্রায় ৮০ শতাংশ শুটিং শেষ হয়েছে। বর্তমানে কিছু ডাবিং ও গানের কাজ বাকি রয়েছে। সিনেমাটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন এলাকায়।
উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান শক্ত করেছেন ভাবনা। পাশাপাশি একের পর এক নতুন চলচ্চিত্রে কাজ করে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।