হলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী ও মডেল মেরিলিন মনরোর ব্যক্তিগত ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হচ্ছে। আগামী ১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামের দিনেই তাঁর ১০০তম জন্মবার্ষিকী পূর্ণ হবে।
নিলামে বিক্রির জন্য রাখা হয়েছে মনরোর পোশাকের অংশ, গয়না, ব্যক্তিগত চিঠি, হাতে লেখা নোট, চিত্রকর্ম এবং কবিতা। আয়োজকরা জানিয়েছেন, এসব সামগ্রীর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে তাঁর ব্যক্তিগত জীবনের কিছু অজানা নথি।
ওই নথিগুলোতে মনরোর প্রেমজীবন, মানসিক চাপ, গর্ভপাত নিয়ে আশঙ্কা, ব্যক্তিগত যন্ত্রণা এবং মৃত্যুচিন্তার মতো সংবেদনশীল বিষয় উঠে এসেছে, যা এতদিন জনসম্মুখে প্রকাশ পায়নি।
উল্লেখ্য, ১৯২৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া মেরিলিন মনরো তাঁর আকর্ষণীয় ব্যক্তিত্ব, সোনালি চুল এবং অভিনয় দক্ষতার মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি একাধারে অভিনেত্রী, মডেল, গায়িকা এবং যৌন প্রতীকে পরিণত হন।
মাত্র ৩৬ বছর বয়সে, ১৯৬২ সালের ৪ আগস্ট ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে তাঁর মৃত্যু হয়।