ভারতের হায়দরাবাদে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাস–এর নতুন বিগ বাজেট সিনেমা ফৌজি–এর শুটিং ইউনিট।
জানা যায়, শুটিংয়ের জন্য দলটি রামোজি ফিল্ম সিটি–তে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এতে সাময়িকভাবে ছবিটির শুটিং বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল্লাহপুরমেট এলাকায় হঠাৎ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আরও পাঁচজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটির প্রায় ৮০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন শুধুমাত্র প্রভাসের কিছু বড় অ্যাকশন দৃশ্যের শুটিং বাকি রয়েছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের অক্টোবর মাসে ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
এছাড়া প্রযোজনা সংস্থা মিথ্রি মুভি মেকার্স দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।
সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন ইমানভি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী ও জয়া প্রদা।