বাংলাদেশি মিনি সিরিজ অ্যানি আবারও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখল। বিশ্বের অন্যতম প্রভাবশালী সিরিজভিত্তিক উৎসব সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল–এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে সিরিজটি। আগামী ৯ জুন জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত উৎসবে এটি প্রদর্শিত হবে।
সিরিজটির গল্পে দেখা যাবে, অ্যানি নামের এক তরুণী একাই নিজের পাঁচ ভাইবোনকে বড় করে তুলেছে। হঠাৎ বাইরের পৃথিবীতে ছড়িয়ে পড়ে এক ভয়াবহ ‘ঘৃণা মহামারি’। এতে আক্রান্ত পুরুষরা নারীদের প্রতি অস্বাভাবিক বিদ্বেষে উন্মত্ত হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে এক রাতে মুখোশধারীদের হামলার শিকার হয় অ্যানি। সেই ঘটনার পর তার জীবন পুরোপুরি বদলে যায়। বেঁচে থাকা, প্রতিরোধ ও প্রতিশোধের টানাপোড়েনে সে ধীরে ধীরে ডুবে যেতে থাকে এক অন্ধকার মানসিক জগতে।
সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু ও নাজাহসহ অনেকে।
সিরিজটির চিত্রনাট্য, নির্মাণ ও পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। দীর্ঘ পাঁচ বছর পর নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে ফিরলেন তিনি।
এর আগে, ২০১৬ সালে লাইভ ফ্রম ঢাকা দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সাদ। পরে ২০২১ সালে রেহানা মরিয়ম নূর নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি।