লন্ডনে শুরু হতে যাচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে এ উৎসবে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ইরানসহ মোট ১০টি দেশের ৪০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আগামী ১৭ মে পূর্ব লন্ডনের ঐতিহাসিক জেনেসিস সিনেমা হলে উৎসবের উদ্বোধন হবে। চলবে ২৩ মে শনিবার পর্যন্ত।
উদ্বোধনী দিনে নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে থাকছে বাংলাদেশের সিনেমা “আগন্তুক”, যার প্রদর্শনী হবে ১৭ মে দুপুর ১২টায়। এছাড়াও প্রদর্শিত হবে বাংলাদেশের আরও কয়েকটি সিনেমা— “নয়া মানুষ”, “উড়াল”, “নয়া নোট”, “দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল” এবং “পাথর হওয়ার গল্প”।
বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ইরানের “দে লাভড মি”, রাশিয়ার “দ্য মিস্ট্রি অফ ব্ল্যাক হ্যান্ড”, ভারতের “যত কাণ্ড কলকাতাতেই” ও “গৃহ প্রবেশ”, চীনের “দ্য শোর অফ লাইফ”, দক্ষিণ কোরিয়ার “ড্রেইনড বাই ড্রিম”, ফিলিপাইনের “রেপুব্লিকা এনজি পিলিপিলিপিনাস” এবং তাজিকিস্তানের **“মোহি দার”**সহ আরও বেশ কিছু প্রশংসিত চলচ্চিত্র।
উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২৩ মে সন্ধ্যা ৬টায়, যেখানে ভারতের সিনেমা “স্বার্থপর” প্রদর্শনের মাধ্যমে এ আয়োজনের পর্দা নামবে।
আয়োজকরা জানিয়েছেন, সমাপনী অনুষ্ঠান ছাড়া জেনেসিস সিনেমা হলে অনুষ্ঠিত সব প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।