বলিউডের জনপ্রিয় ও আইকনিক চলচ্চিত্র থ্রি ইডিয়টস–এর সিক্যুয়েল ঘিরে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ছবিতে অভিনয় করেছিলেন আমির খান, শারমান জোশি ও আর মাধবন। এবার সিক্যুয়েল তৈরির বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন অভিনেতা আমির খান নিজেই।
জানা গেছে, নতুন এই সিক্যুয়েলে একজন “চতুর্থ ইডিয়ট” যুক্ত করা হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, থ্রি ইডিয়টস ২-এর গল্পে প্রায় ১০ বছরের সময়ের ব্যবধান দেখানো হবে। সেই কারণেই নতুন একটি চরিত্র যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে, যেখানে ভিকি কৌশলকে এই নতুন ইডিয়ট হিসেবে দেখা যেতে পারে।
ইতোমধ্যে এক সাক্ষাৎকারে আমির খান জানান, সিক্যুয়েল নিয়ে ভিকি কৌশল এবং পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে তার একাধিক দফা আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, ছবির গল্প শুনে তাঁর কাছে তা খুবই অসাধারণ মনে হয়েছে।
আমির খান জানান, নতুন ছবিটিও আগের মতোই হাস্যরস ও শক্তিশালী গল্পের সমন্বয়ে তৈরি হবে। পাশাপাশি আগের চরিত্রগুলোও ফিরে আসবে, তবে কাহিনি এগোবে প্রায় ১০ বছর পরের প্রেক্ষাপটে।