২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন পরিচালক রাজ চক্রবর্তী। নির্বাচনী প্রচারণার সময় তাঁর পাশে সক্রিয়ভাবে অংশ নেন স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। প্রচারের সময় এই তারকা দম্পতি স্থানীয়দের ব্যাপক সাড়া ও ভালোবাসা পেয়েছিলেন বলে জানা যায়।
তবে ভোট গণনার শেষে ফলাফল ভিন্ন দিকে মোড় নেয় এবং রাজ চক্রবর্তী পরাজিত হন। এরপরই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বলে জানা গেছে। স্থানীয়দের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে “চোর চোর” স্লোগান দেওয়া হয় এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় তাঁর দিকে কাদা ও জুতা নিক্ষেপের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দলের কর্মীরাই তাঁকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। পুরো ঘটনার সময় রাজ চক্রবর্তী প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
পরবর্তীতে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পারিবারিক ছবি শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন—“আমাদের সুপারহিরো, আমাদের গর্ব, আমাদের সুপারস্টার, আমাদের শান্তির জায়গা, আমাদের এক টুকরো পৃথিবী।”
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়ও রাজ চক্রবর্তীর প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলী। সেই সময় নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া পড়ে এবং রাজ চক্রবর্তী বিজয়ী হয়েছিলেন।