জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এর নির্মাতা কাজল আরেফিন অমি সম্প্রতি তার ফেসবুক পোস্টে একটি নতুন মুখের ছবি প্রকাশ করেন। পোস্টের ক্যাপশনে তিনি দর্শকদের উদ্দেশে চরিত্রটি কে হতে পারে তা অনুমান করতে বলেন, যা ঘিরে শুরু হয় ব্যাপক কৌতূহল।
পরে জানা যায়, ব্যাচেলর পয়েন্ট-এর পঞ্চম সিজনের শুটিং বর্তমানে নেপালে চলছে। সেখানেই নতুনভাবে যুক্ত হয়েছেন নেপালি মডেল রাজশ্রী থাপা।
নির্মাতা জানিয়েছেন, পঞ্চম সিজনের ১২তম পর্বে একটি সারপ্রাইজ চরিত্র হিসেবে দেখা যাবে তাকে, যা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হবে।
এদিকে রাজশ্রী থাপা নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে তাকে দেখা যায় অভিনেতা মারজুক রাসেল, চাষী আলম এবং শামীম হাসান সরকারের সঙ্গে। ছবিগুলোর ক্যাপশনে তিনি এই তিন অভিনেতার প্রশংসা করেন।
নতুন এই সংযোজন নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।