দীর্ঘ প্রায় দুই দশক পর মুক্তি পেয়েছে জনপ্রিয় হলিউড চলচ্চিত্র সিরিজের সিক্যুয়েল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা–২’। মুক্তির পরপরই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ছবিটি।
প্রাপ্ত তথ্যমতে, যুক্তরাষ্ট্রে সিনেমাটি প্রায় ৭৭ মিলিয়ন ডলার আয় করেছে। বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২৩৩ দশমিক ৬ মিলিয়ন ডলার, যা ২০০৬ সালে মুক্তি পাওয়া প্রথম পর্বের তুলনায় প্রায় তিনগুণ বেশি।
ছবিটি পরিচালনা করেছেন ডেভিড ফ্রাঙ্কেল। তিনি জানান, সিনেমাটি নির্মাণে প্রায় ১০০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
ফ্যাশন ও মিডিয়া জগতকে কেন্দ্র করে নির্মিত এই সিক্যুয়েলে আগের মতোই অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে ও এমিলি ব্লান্ট। এছাড়াও রয়েছেন স্ট্যানলি টুচি, জাস্টিন থেরক্স, কেনেথ ব্রানা ও ট্রেসি থমাসসহ আরও অনেক তারকা।
আন্তর্জাতিক মুক্তির অংশ হিসেবে গত ১ মে বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শন শুরু হয়েছে।