চলতি বছরে ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক বইপোকা, যা ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গত শুক্রবার (১ মে) রাতে এটিএন বাংলায় নাটকটি প্রথম প্রচারিত হয়। পরদিন (২ মে) শনিবার দুপুরে ‘বিন্দু ভিশন’ ইউটিউব চ্যানেলেও এটি উন্মুক্ত করা হয়।
নাটকের গল্পে দেখা যায়, হাসান জহির নামের এক ব্যক্তি শহরের বিলাসবহুল জীবন ও উচ্চ বেতনের চাকরি ছেড়ে স্ত্রী মনীষাকে নিয়ে গ্রামে চলে আসেন। সেখানে তিনি কৃষিকাজের পাশাপাশি গ্রামের মানুষকে বই পড়ানোর মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।
গল্পে উঠে এসেছে সমাজের নানা বাস্তব চিত্র—যৌতুকলোভী ব্যক্তি, দুর্নীতিগ্রস্ত মেম্বার, নেশাগ্রস্ত ছাত্র, এমনকি টিকটক-আসক্ত শ্যালিকাকেও বইমুখী করার চেষ্টা করেন হাসান। নিজের জমি বিক্রি করে গ্রামে একটি পাঠাগার গড়ে তোলার স্বপ্নও দেখেন তিনি। শেষ পর্যন্ত তার এই জ্ঞানবিস্তার প্রচেষ্টা সফল হয় কি না—সেই প্রশ্ন নিয়েই এগিয়েছে নাটকের কাহিনি।
নাটকে হাসান জহির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং মনীষা চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা। এছাড়াও অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, লিপু মামা, সাবিনা রনি, মুকুল সিরাজ, ইমরান আজান, ইমরান হাসো, মোহাম্মদ রফিক, ফাহমিদা তৃষা, লিমন আহমেদ, মহসিন আকাশ, প্রিম রোজসহ আরও অনেকে।
নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রাজ্জাক এবং রচনা করেছেন তরুণ নাট্যকার আল আমিন স্বপন।