ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী আবারও বড় পর্দায় ফিরছেন নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে। ছবিটি নির্মিত হয়েছে প্রবাসজীবনের বাস্তবতা ও নারীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে।
পরিচালক হাসান জাহাঙ্গীর জানান, সিনেমাটিতে একজন বিবাহিত নারীর গল্প তুলে ধরা হয়েছে, যিনি বাংলাদেশে স্বামী রেখে প্রবাসে গিয়ে দ্বিতীয় সম্পর্কে জড়িয়ে পড়েন। এর মাধ্যমে প্রবাস জীবনের কঠিন বাস্তবতা ও সামাজিক বার্তা ফুটিয়ে তোলা হয়েছে।
তিনি আরও জানান, ছবিটির প্রায় ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে, বাকি অংশ ধারণ করা হয়েছে বাংলাদেশে। এরই মধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে এবং গত মার্চে এটি সেন্সর সনদ পেয়েছে।
আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশেও এটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এ মৌসুমীর পাশাপাশি অভিনয় করেছেন ডন, হাসান জাহাঙ্গীরসহ আরও অনেকে। শুরুতে এটি একটি ওয়েব সিরিজ হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়া হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মৌসুমী। তবে প্রবাস জীবনেও তিনি টুকটাক অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।