সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে।
সম্প্রতি একটি লাইভ ভিডিও ভাইরাল হলে সেখানে সাবেক অভিনেত্রী অরুণা বিশ্বাস দাবি করেন, কিছু শিল্পীর জীবনে বিপর্যয়ের পেছনে ফারুকীর ভূমিকা রয়েছে। তার ভাষায়, “কিছু শিল্পীর জীবন নষ্ট করে সে মনে করছে সে জিতে গেছে, কিন্তু সে কখনোই জিততে পারবে না।”
লাইভে তিনি আরও জানান, দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরে নিজ ইচ্ছাতেই দেশ ছাড়েন। তবে দেশত্যাগের পেছনে কোনো ধরনের চাপ ছিল না বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।
অরুণা বিশ্বাস ফারুকীর পরিবারের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, একজন শিল্পী ও সাধারণ নাগরিক হিসেবে দেশের মধ্যে তাদের অধিকার থাকা উচিত, কিন্তু সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
এছাড়া তিনি এয়ারপোর্টে এক ব্যক্তির আচরণ নিয়েও প্রশ্ন তোলেন এবং জানান, ওই ব্যক্তি তাকে বারবার বিরক্ত করছিলেন। কেন এমন আচরণ করা হয়েছিল, তা নিয়েও তিনি প্রশ্ন রাখেন।
দীর্ঘ ৩০ বছর ধরে কানাডায় বসবাসরত এই অভিনেত্রী বলেন, তার বৈধ পাসপোর্ট না থাকলে তিনি দেশে ফিরতে পারতেন না।
এদিকে এ বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকীর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।