চলতি বছরের শেষ নাগাদ দেশে ফেরার আশা প্রকাশ করেছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান।
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম–২০২৬-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে ভারতীয় গণমাধ্যম স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, তিনি বর্তমানে সব কিছু সমাধানের অপেক্ষায় আছেন এবং আশাবাদী যে চলতি বছরেই দেশে ফিরতে পারবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক জানান, আগের বোর্ড তাকে ফেরানোর আগ্রহ দেখালেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অনেকেই তাকে ফিরিয়ে আনার কথা বললেও কার্যকর কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর মাঠে দেখা যায়নি সাকিব আল হাসানকে।