ফিফা কংগ্রেসে অংশ নিতে কানাডার ভ্যাঙ্কুভারে গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ।
জানা যায়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) একটি কনভেনশনে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাকে ও তার প্রতিনিধিদলকে পরবর্তী ফ্লাইটে ফেরত পাঠানো হয়।
কানাডা সরকারের পক্ষ থেকে বিষয়টি রাজনৈতিক কারণে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, মেহেদি তাজ অতীতে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পর থেকে এ সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে কানাডা।
অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সি জানায়, মেহেদি তাজের সঙ্গে ফেডারেশনের মহাসচিব হেদায়াত মোমবেনি ও ডেপুটি হামেদ মোমেনিসহ পুরো প্রতিনিধিদল ঘটনাটির প্রতিবাদ জানিয়ে কানাডা ত্যাগ করেন।
এ ঘটনায় ক্রীড়া ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে, যেখানে নিরাপত্তা নীতি ও আন্তর্জাতিক অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।