দেশের আট বিভাগেই কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার (০৪ মে) দুপুর ১টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এই ঝড় আঘাত হানতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকার মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে, বিশেষ করে খোলা জায়গায় অবস্থান, নৌযান চলাচল এবং অস্থায়ী স্থাপনার ক্ষেত্রে বাড়তি সাবধানতা নিতে বলা হয়েছে।