ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যানারে নির্মিত দুই সিনেমা ‘মানুষের বাগান’ ও ‘নীলপদ্ম’।
বিচিত্র জীবনের গল্পকে কেন্দ্র করে নির্মিত ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনচিত্র তুলে ধরেছে। নুরুল আলম আতিক পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ কুমার, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, মুনিরা মিঠু, মাহমুদ আলম, দীপান্বিতা মার্টিন ও অর্চিতা স্পর্শিয়া।
অন্যদিকে ‘নীলপদ্ম’ সিনেমাটি শেকড় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত, যেখানে দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, পরিচয় ও অধিকার নিয়ে একটি সংবেদনশীল কাহিনি উপস্থাপন করা হয়েছে। তৌফিক এলাহী পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন রুনা খান, রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শহীদ আলী ও এ কে আজাদ সেতু।
জানা গেছে, আগামী ৫ মে স্থানীয় সময় সকাল ১১টা ৫৩ মিনিটে ‘মানুষের বাগান’ এবং ৬ মে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ‘নীলপদ্ম’ প্রদর্শিত হবে।
আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার অংশগ্রহণকে দেশের চলচ্চিত্র শিল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। খুব শিগগিরই সিনেমা দুটি দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে বলে জানা গেছে।