বলিউডের জনপ্রিয় আইটেম গানের তারকা নোরা ফাতেহি প্রায়ই তার নজরকাড়া পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করে থাকেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার শৈশবের এক ভিন্ন স্বপ্নের কথা সামনে এসেছে।
নোরা জানান, ছোটবেলায় তিনি একজন ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। ফুটবলের প্রতি তার গভীর ভালোবাসা ছিল শৈশব থেকেই। কিন্তু মাত্র ১১ বছর বয়সে একটি গুরুতর আঘাতের কারণে তার খেলোয়াড় হওয়ার স্বপ্ন থেমে যায়।
তিনি আরও বলেন, সেই কঠিন অভিজ্ঞতা তাকে মানসিকভাবে আরও দৃঢ় করে তোলে, যা পরবর্তীতে বিনোদন জগতে নিজের অবস্থান গড়তে সহায়তা করেছে।
উল্লেখ্য, বলিউডে তার যাত্রা শুরু হয় ‘রোর: টাইগার অব দ্য সুন্দরবন’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের গান ও পারফরম্যান্সের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ না হলেও আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে নিয়মিতই দেখা যায় নোরাকে। তিনি ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করেন এবং বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠও দিয়েছেন।