বলিউড অভিনেতা রণবীর সিং সম্প্রতি তার পুরনো এক আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত জীবনে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবরের পর এবার এই মামলার নিষ্পত্তিতেও স্বস্তি পেয়েছেন তিনি।
জানা যায়, গত বছর একটি অনুষ্ঠানে জনপ্রিয় চলচ্চিত্র ‘কান্তারা’-এর একটি দৃশ্য অনুকরণ এবং দেবতাকে ‘ভূত’ হিসেবে উল্লেখ করার অভিযোগে রণবীর সিং সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এই ঘটনার পর তার বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মামলার শুনানিতে রণবীর সিং আদালতে উপস্থিত না থাকায় তার আইনজীবী নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার একটি হলফনামা জমা দেন। আইনজীবী জানান, ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর নিরাপত্তাজনিত কারণে রণবীর আদালতে উপস্থিত হতে পারেননি।
দীর্ঘ শুনানি ও আইনি প্রক্রিয়ার পর আদালত রণবীর সিংকে চার সপ্তাহের মধ্যে মাইসুরুর চামুণ্ডেশ্বরী মন্দিরে গিয়ে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বিতর্কের সূত্রপাত হয় ২০২৫ সালের ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (IFFI)-এর সমাপনী অনুষ্ঠানে। সেখানেই রণবীর ‘কান্তারা’-র ঐতিহ্যবাহী ভূত কোলা (দৈব আচার) অনুকরণ করেন, যা নিয়ে পরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।