বলিউডের দুই জনপ্রিয় তারকা ঐশ্বর্যা রাই ও আমির খান—দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে অসাধারণ সফল হলেও এখনও পর্যন্ত কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাদের। যদিও একবার সেই সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
২০০৫ সালে কেতন মেটা পরিচালিত ‘মঙ্গল পাণ্ডে: দ্য রাইজ়িং’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের জন্য প্রথমে ঐশ্বর্যা রাইকেই ভাবা হয়েছিল। পরিচালক নিজে তাকে এই প্রস্তাবও দেন। তবে পারিশ্রমিক নিয়ে প্রযোজকদের সঙ্গে মতবিরোধের কারণে শেষ মুহূর্তে প্রকল্প থেকে সরে দাঁড়ান তিনি।
এরপর ঐ চরিত্রে সুযোগ পান অমীশা পটেল। অমীশা এক সাক্ষাৎকারে জানান, আমির খান তার একটি বিবিসি সাক্ষাৎকার দেখে তাকে যথেষ্ট বুদ্ধিদীপ্ত মনে করেন, আর সেটিই নাকি তাকে এই ছবিতে নেওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
ছবিটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রানি মুখার্জি। তবে ঐশ্বর্যার সরে দাঁড়ানো এবং অমীশার সুযোগ পাওয়া—এই ঘটনাটি আজও বলিউডের আলোচিত একটি ‘মিসড অপারচুনিটি’ হিসেবে বিবেচিত হয়।