অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৬ মিনিটে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন এই অভিনেতা।
তার মেয়ে তাহসিন জামান তিথি জানিয়েছেন, শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে তার খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। এরপর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। পরদিন বাসায় ফেরার পর সেখানেই তিনি মারা যান।
ছোটপর্দা ও চলচ্চিত্র—উভয় মাধ্যমেই নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। এছাড়া টেলিভিশন নাটকে ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ এবং ‘মৃত্তিকার যাত্রা’সহ অসংখ্য জনপ্রিয় কাজ রয়েছে তার।