২০২৬ সালে বড় ধামাকা নিয়ে ফিরছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। চলতি বছর তিনি হাজির হচ্ছেন তিনটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের সিনেমা— পতি পত্নী অউর ও দো, উড়তা তীর এবং ইয়ে প্রেম মোল লিয়া নিয়ে। প্রতিটি ছবির গল্প ও উপস্থাপনা একে অন্যের থেকে একেবারেই আলাদা, আর এমন বৈচিত্র্যপূর্ণ চরিত্র বেছে নেওয়ার কারণেই বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন এই অভিনেতা।
পতি পত্নী অউর ও দো ছবিতে তুলে ধরা হয়েছে সম্পর্কের টানাপড়েন, ভুল বোঝাবুঝি এবং দৈনন্দিন জীবনের হাস্যরসাত্মক দিক। অন্যদিকে উড়তা তীর একেবারে ভিন্ন ঘরানার, যা দর্শকদের জন্য নিয়ে আসবে নতুন ধরনের অভিজ্ঞতা। আর ইয়ে প্রেম মোল লিয়া একটি পারিবারিক গল্প, যেখানে সম্পর্ক, মূল্যবোধ এবং ভারতীয় সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছে।
নিজের চরিত্র নির্বাচন প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, তিনি কখনো পরিকল্পনা করে ছবি বাছাই করেন না। বরং একজন সাধারণ দর্শক হিসেবে যে গল্প তাকে স্পর্শ করে, সেই গল্পের অংশ হতে চান তিনি। তার মতে, একই বছরে তিনটি সম্পূর্ণ আলাদা চরিত্রে অভিনয় করা যেমন আনন্দের, তেমনি এটি একটি বড় দায়িত্বও।
এই তিনটি ছবির প্রযোজনায় রয়েছেন বলিউডের তিন প্রভাবশালী প্রযোজক— ভূষণ কুমার, করণ জোহর এবং সুরজ বরজাতিয়া। তাঁদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছবিগুলোকে আরও সমৃদ্ধ করেছে বলে মনে করা হচ্ছে।