দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত বিগ বাজেট ছবি ‘রাকা’ নিয়ে সম্প্রতি নানা গুঞ্জন ছড়িয়েছে বিনোদন অঙ্গনে। শোনা যাচ্ছিল, দ্বিতীয়বার মা হতে যাওয়ার কারণে নাকি ছবিটি থেকে সরে দাঁড়াতে পারেন দীপিকা পাড়ুকোন, অথবা তাঁর চরিত্রের গুরুত্ব কমিয়ে দেওয়া হতে পারে।
তবে এই সব গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন ছবির পরিচালক অ্যাটলি। তিনি স্পষ্ট করে বলেন, “দীপিকা ‘রাকা’ ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। গর্ভাবস্থার সময়ও তিনি ছবির জন্য বেশ কিছু কঠিন অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন। শুটিং সেটে তাঁর নিরাপত্তার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সম্প্রতি আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশিত হয়েছে তাঁর প্রথম লুক, যেখানে তাঁকে সম্পূর্ণ ন্যাড়া মাথায় এক শক্তিশালী ও বিধ্বংসী রূপে দেখা গেছে।
অন্যদিকে, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাঁদের প্রথম সন্তান দুয়ার পর দ্বিতীয় সন্তানের আগমনের প্রস্তুতিতে রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, হিন্দি ও দক্ষিণী সিনেমার এই মহামিলনের ছবি ‘রাকা’ ২০২৭ সালে মুক্তির লক্ষ্যে কাজ চলছে। দীপিকা বর্তমানে তাঁর নির্ধারিত শিডিউল অনুযায়ী ছবিটির শুটিং চালিয়ে যাচ্ছেন।