ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’ এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় মুক্তির পর এবার সিনেমাটি দেখানো হবে লন্ডনে।
সিনেমাটি লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষীদের উদ্যোগে আয়োজিত এই উৎসবের নবম আসর অনুষ্ঠিত হবে আগামী ২২ এপ্রিল রাত ৮টায়।
নির্মাতা রায়হান রাফী বলেন, ফেস্টিভ্যালগুলোতে সাধারণত এ ধরনের সিনেমা দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পায়। দেশে সিনেমাটি ইতোমধ্যে ভালোভাবে চলছে। এর মধ্যে লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়া আমাদের জন্য বড় অর্জন।
তিনি আরও জানান, সিনেমাটি চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে এবং আগামী সপ্তাহে উত্তর আমেরিকাসহ আরও কয়েকটি দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে।
‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু এবং চঞ্চল চৌধুরীসহ অনেকে।