আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে নতুন একটি সামাজিক নাটক ‘ভাবি’ মুক্তি পেতে যাচ্ছে। নাটকটি দেবর-ভাবির সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত হয়েছে, যেখানে পারিবারিক আবেগ ও সমাজের দৃষ্টিভঙ্গির ভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে, পারুল নামের এক নারী যার স্বামী বিদেশে থাকেন। সংসারের দায়িত্ব তখন তার দেবর ইমরানের ওপর এসে পড়ে। একসঙ্গে থাকতে থাকতে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই তৈরি হয় এক ধরনের দুষ্টু-মিষ্টি সম্পর্ক। তবে পরিস্থিতি পাল্টে যায় বড় ভাইয়ের মৃত্যুর পর, যখন তাদের সম্পর্ক নিয়ে গ্রামে শুরু হয় নানা ধরনের গুঞ্জন। এই ঘটনাই গল্পকে এগিয়ে নেয় এক নাটকীয় পরিণতির দিকে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। এতে পারুল চরিত্রে অভিনয় করেছেন শারমীন জোহা শশী এবং ইমরানের চরিত্রে দেখা যাবে নিলয় আলমগীরকে।
দীর্ঘ বিরতির পর কাজটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে শশী বলেন, গল্পটি তার কাছে ভালো লেগেছে এবং নিলয়ের সঙ্গে তার কাজ দর্শকদের ভালো লাগবে বলে তিনি আশাবাদী।
নির্মাতা মহিন খান জানান, নাটকের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে চলছে সম্পাদনা ও পোস্ট-প্রোডাকশনের কাজ। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে নাটকটি ইউটিউবে প্রকাশ করা হবে।