প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রিয়দর্শন আবারও নতুন কমেডি ঘরানার সিনেমা নিয়ে ফিরছেন। ‘ভূত বাংলা’র পর এবার তিনি শুরু করতে যাচ্ছেন আরও একটি নতুন প্রজেক্ট, যেখানে থাকছে ভরপুর বিনোদন ও হাস্যরস।
নতুন সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে তিনজন বয়স্ক ব্যক্তিকে ঘিরে, যারা হঠাৎ এক অদ্ভুত ও অপ্রত্যাশিত পরিস্থিতিতে জড়িয়ে পড়েন। জানা গেছে, এটি নির্মিত হচ্ছে প্রিয়দর্শনের জনপ্রিয় কমেডি ধাঁচের কাজ ‘হাঙ্গামা’র অনুপ্রেরণায়।
এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলিউডের তিন জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, আনু কাপুর এবং সৌরভ শুক্লা। দীর্ঘ সময় পর প্রিয়দর্শনের সঙ্গে আবারও কাজ করছেন পঙ্কজ ত্রিপাঠি, আর প্রায় তিন দশক পর একই পরিচালকের সঙ্গে কাজ করছেন আনু কাপুর। এছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা যাবে রাজপাল যাদবকে।
সিনেমাটির চিত্রনাট্য ইতোমধ্যে সম্পন্ন হলেও এখনো নাম চূড়ান্ত হয়নি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জুলাইয়ে শুটিং শুরু হয়ে টানা দুই মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
নতুন এই কমেডি প্রকল্প শেষ করার পরই প্রিয়দর্শন তার কর্মজীবনের ১০০তম সিনেমার কাজ শুরু করবেন, যা শুরু হওয়ার কথা রয়েছে ২০২৬ সালের নভেম্বরে।