সামাজিক মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া লেখালেখি ও নেতিবাচক কনটেন্ট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অনলাইন লেখকদের একটি অংশের সমালোচনা করেন। সেখানে তিনি উল্লেখ করেন, সামাজিক মাধ্যমে অনেকেই যাচাই না করেই বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন, যার বড় অংশই নেতিবাচক।
পোস্টে পেশাদার সাংবাদিকদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের অবস্থান তৈরি করেছেন এবং তথ্য যাচাই করেই সংবাদ প্রকাশ করেন।
সুনেরাহ আরও বলেন, ব্যক্তিগত ধারণা বা অনুমানের ভিত্তিতে কাউকে নিয়ে লেখালেখি করা অযৌক্তিক। এ ধরনের কর্মকাণ্ডের পেছনে উদ্দেশ্য হিসেবে তিনি মনোযোগ আকর্ষণ, বিনোদন বা অর্থ উপার্জনের বিষয়টি উল্লেখ করেন। ভিত্তিহীন বিষয় এড়িয়ে চলার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।
পোস্টের শেষে ভক্ত-অনুরাগীদের প্রতি ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে সচেতন থাকার পরামর্শ দেন এই অভিনেত্রী।