ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘দম’ এবার দেশের সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হতে যাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি জানিয়েছে, আগামী ২৪ এপ্রিল থেকে ৫০টিরও বেশি হলে একযোগে রেদওয়ান রনি পরিচালিত এই চলচ্চিত্রটি প্রদর্শন শুরু হবে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তের দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাবেন।
প্রযোজক শাহরিয়ার শাকিল আগে জানিয়েছিলেন, পাইরেসির ঝুঁকি এড়াতে শুরুতে সিনেমাটি শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছিল। তবে এবার সাধারণ দর্শকদের চাহিদার কারণে সিঙ্গেল স্ক্রিনে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিচালক রেদওয়ান রনি বলেন, “দম আমার কাছে শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের মানুষের অদম্য সাহস ও বিজয়ের গল্প। দর্শকদের ভালোবাসা আমাকে নির্মাতা হিসেবে আরও অনুপ্রাণিত করেছে।”
সিঙ্গেল স্ক্রিনের তালিকায় রয়েছে ঢাকার মধুমিতা ও শ্যামলী সিনেমা হল, সাভারের সেনা অডিটোরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রূপকথা, বরিশালের অভিরুচি, জয়দেবপুরের বর্ষা, সিলেটের নন্দিতা ও যশোরের মণিহারসহ বিভিন্ন প্রেক্ষাগৃহ।
এর আগে সিনেমাটি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডায়ও মুক্তি পেয়েছে।
‘দম’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াত, ডলি জহুর ও জাহিদ হাসান।