বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা কিং মুক্তির আগেই বড় অঙ্কের ব্যবসায়িক সাফল্য পেয়েছে।
জানা গেছে, ছবিটি এখনো মুক্তি না পেলেও প্রায় ২৫০ কোটি টাকার চুক্তিতে এর বিভিন্ন রাইটস বিক্রি করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সংশ্লিষ্ট পরিবেশকের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে বলে সূত্রে জানা যায়।
ছবিটির রাইটস কিনেছে পেন মারুধার নামের একটি সংস্থা। ফলে মুক্তির আগেই বাজেটের অর্ধেকের বেশি অর্থ উঠে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
পরিচালক সিদ্ধার্থ আনন্দ-এর এই অ্যাকশন ঘরানার সিনেমাটি ২০২৬ সালের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে। ছবিটির বাজেট প্রায় ৪০০ কোটি টাকা।
কিং সিনেমাটি আগামী ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে দেশব্যাপী মুক্তি পাবে। মুক্তির আগেই এমন ব্যবসায়িক সাফল্যে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ আরও বেড়েছে।