ফরাসি-মরক্কোর জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া ফারেস মারা গেছেন। প্রায় এক সপ্তাহ কোমায় থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (১৭ এপ্রিল) প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে তার দুই কন্যা সিলিয়া ও শানা চ্যাসম্যান জানান, “ফ্রান্স একজন বড় শিল্পীকে হারিয়েছে, আর আমরা হারালাম আমাদের মাকে।”
জানা যায়, গত ১১ এপ্রিল প্যারিসের একটি স্পোর্টস কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় নাদিয়াকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা (সিপিআর) দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মেডিক্যাল কোমায় রাখেন।
মায়ের মৃত্যুর পর বড় মেয়ে সিলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন, জীবন কত দ্রুত বদলে যেতে পারে, তা তার মা তাকে শিখিয়ে গেছেন। পাশাপাশি তিনি মায়ের লড়াইয়ের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২২ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নাদিয়া ফারেস স্থায়ীভাবে ফ্রান্সে ফিরে আসেন। তার মৃত্যুর খবরে ফরাসি চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।