পারিবারিক দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে।
শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে নাটকটির সমাপ্তির ঘোষণা দেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। তবে নাটকটি ঠিক কততম পর্বে গিয়ে শেষ হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি তিনি। বর্তমানে নাটকটির ৪৬তম পর্ব প্রচারিত হচ্ছে।
পাকিস্তানি জনপ্রিয় সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই নাটকে পরিবার, ভালোবাসা, সম্পর্কের টানাপড়েন এবং মমত্ববোধের নানা দিক তুলে ধরা হয়েছে।
নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, এমএনইউ রাজু ও ইসরাতসহ আরও অনেকে।
নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, “পরিবার আমাদের সমাজের মূল শক্তি। পরিবারকে ঘিরে বলা গল্প সবসময়ই মানুষের হৃদয়ে দাগ কাটে। সে কারণেই নাটকের ট্যাগলাইন রাখা হয়েছিল—‘পরিবারই শুরু, পরিবারই শেষ’।”
তিনি আরও জানান, তার প্রত্যাশার চেয়েও বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে নাটকটি। শুধু গল্প নয়, নাটকের গানও দর্শকদের মন জয় করেছে।
নাটকের টাইটেল গানটি লিখেছেন মাহমুদ মানজুর। গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, তার সঙ্গে দ্বৈত কণ্ঠে ছিলেন দোলা রহমান।