ভারতের রাজনীতিতে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে প্রস্তাবিত ‘নারী সংরক্ষণ বিল’ সংসদে পেশ করা হলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে তা পাস হয়নি। এতে হতাশা প্রকাশ করেছেন দুই অভিনেত্রী ও সংসদ সদস্য হেমা মালিনী এবং কঙ্গনা রানাওয়াত।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিলটি প্রত্যাখ্যাত হওয়ার পর হেমা মালিনী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এটি নারীদের জন্য একটি দুঃখজনক দিন।
অন্যদিকে কঙ্গনা রানাওয়াত এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে লেখেন, আজকের দিনে এর চেয়ে বেশি বেদনাদায়ক ও দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। তার মতে, এটি ব্যক্তিগতভাবে গভীরভাবে হতাশাজনক একটি ঘটনা।
উল্লেখ্য, ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম’ নামে পরিচিত এই বিলের মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাব করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং লিঙ্গসমতা নিশ্চিত করা। তবে ভোটাভুটিতে বিপক্ষে ভোট বেশি পড়ায় বিলটি শেষ পর্যন্ত প্রত্যাখ্যাত হয়।