ডিভোর্স নিয়ে চলমান সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও সুখবর দিলেন বলিউডের জনপ্রিয় তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তারা দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন এই তারকা দম্পতি। টাইমস অব ইন্ডিয়ার-এর এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
শেয়ার করা ছবিতে দেখা যায়, তাদের কন্যা দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট রয়েছে, যেখানে নতুন সদস্য আগমনের ইঙ্গিত স্পষ্ট। ছবিতে আরও দেখা যায়, দীপিকা ও রণবীর স্নেহভরে মেয়েকে জড়িয়ে রেখেছেন। ক্যাপশনে কোনো শব্দ ব্যবহার না করে কেবল ‘ইভিল আই’ ইমোজি দিয়েছেন দীপিকা।
ছবিটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বলিউড তারকা পরিণীতি চোপড়া ও সামান্থা রুথ প্রভু-সহ অনেকেই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি ভক্তরাও কমেন্টে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়েবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় প্রথম কন্যা সন্তান দুয়া।