২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আলোচনায় আসা মুখ রুকাইয়া জাহান চমক এবার রাজনীতিতে যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। তিনি সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া অঞ্চল থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকারের দিন বিএনপির মনোনয়ন বোর্ডের সামনে তাকে সশরীরে উপস্থিত থাকতে দেখা যায় বলে একাধিক সূত্র জানিয়েছে।
রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে চমক জানান, তিনি দেশের মানুষের জন্য এবং বিশেষ করে নারীদের উন্নয়নে কাজ করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন বলেই তিনি বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।”
তবে দলীয় সূত্রে জানা গেছে, তার মনোনয়ন নিয়ে এখনো আলোচনা চলছে। চূড়ান্তভাবে তিনি বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।