‘সাইয়ারা’ দিয়ে আলোচনায় আসা তরুণ তারকা আহান পান্ডে ও অনীত পড্ডা আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন। গত বছর তাদের অভিনীত ‘সাইয়ারা’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার তারা নতুন একটি রোমান্টিক-মিউজিক্যাল ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন।
সিনেমাটির নির্মাতা মোহিত সূরি বলেন, তিনি সবসময় প্রেমের গল্প বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন—যেখানে আবেগ এত গভীর থাকে যে তা উপেক্ষা করা যায় না। নতুন ছবিটিতেও সেই ধরনের তীব্র অনুভূতির গল্পই তুলে ধরার চেষ্টা করা হবে। একই টিম নিয়ে আবার কাজ করতে পারা তার জন্য বিশেষ কিছু বলেও জানান তিনি।
নতুন এই প্রজেক্টে অভিনয় করছেন আহান পান্ডে ও অনীত পড্ডা। প্রযোজনায় আছেন অক্ষয় বিধানি এবং নির্মাণ করছে যশ রাজ ফিল্মস।
নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিটির এখনো আনুষ্ঠানিক নাম চূড়ান্ত হয়নি। চলতি বছরের শেষ দিকে এর শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।