ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা এনামুল বারি ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এক সংবাদমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর আদাবরে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তবে তাকে কোথায় এবং কখন দাফন করা হবে, সে বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা এনামুল বারি ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। তার স্ত্রী খুরশিদা আক্তার একজন গৃহিণী। চার কন্যাসন্তানের মধ্যে বন্যা মির্জা দ্বিতীয়।
বর্তমানে বন্যা মির্জা যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।