মার্কিন টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি সিরিজ মাই ৬০০-এলবি লাইফ-এর পরিচিত মুখ ডলি মার্টিনেজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।
শনিবার (১১ এপ্রিল) মার্কিন গণমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলি-কে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বোন লিন্ডসে কুপার।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় লিন্ডসে কুপার জানান, ডলি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত ও ইতিবাচক স্বভাবের মানুষ। তার হাসি, ভালোবাসা ও আন্তরিকতা যেকোনো পরিবেশকে উজ্জ্বল করে তুলত। তিনি বিশ্বাস করেন, ডলি এখন তাদের প্রয়াত বাবার সঙ্গে শান্তিতে আছেন এবং স্মৃতিতে তিনি সবসময় বেঁচে থাকবেন।
এর আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর ভক্তদের কাছে বোনের জন্য দোয়া চেয়েছিলেন লিন্ডসে। কয়েক দিনের ব্যবধানে আসে এই দুঃসংবাদ।
উল্লেখ্য, ২০২১ সালের একটি পর্বে ডলি মার্টিনেজের ওজন ছিল প্রায় ৫৯৩ পাউন্ড। সে সময় তিনি সাপ্লিমেন্টাল অক্সিজেনের ওপর নির্ভরশীল ছিলেন। পরবর্তীতে তাকে ব্যারিয়াট্রিক সার্জন ডা. নাউ’র তত্ত্বাবধানে চিকিৎসার জন্য হিউস্টনে স্থানান্তর করা হয়। চিকিৎসার মাধ্যমে তিনি প্রায় ৪০ পাউন্ড ওজন কমালেও অস্ত্রোপচারের অনুমোদন পাননি।