পহেলা বৈশাখের আনন্দ-উচ্ছ্বাসে দিন কাটাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তবে এবারকার উৎসবে তার উদযাপন ছিল কিছুটা ভিন্ন—নিজের বদলে সন্তানদের ঘিরেই সাজিয়েছেন পুরো দিনটি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পহেলা বৈশাখে নিজের শৈশবের স্মৃতিচারণ করেন। সেখানে তিনি লেখেন, ছোটবেলায় মায়ের ও নানীর শাড়ি দিয়ে বৈশাখের পোশাক বানাতেন, আর সেই সময়ের আনন্দ ছিল ভীষণ বিশেষ ও স্মৃতিময়।
সেই স্মৃতি থেকেই এবার নিজের ব্যবহৃত শাড়ি দিয়ে সন্তানদের জন্য বৈশাখী পোশাক তৈরি করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, সন্তানরা ঘুম থেকে উঠলেই তাদের পরানো সেই পোশাক দেখার অপেক্ষায় আছেন তিনি।
পোস্টে পরীমণি আরও উল্লেখ করেন, সন্তানদের সেই সাজে দেখতে পাওয়ার মুহূর্তই তার কাছে এবারের বৈশাখকে আরও আবেগঘন ও অর্থবহ করে তুলেছে।