ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি আশা ভোঁসলে-কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হচ্ছে। সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ের লোয়ার পারেলের নিজ বাসভবন ‘কাসা গ্র্যান্ডে’তে তার মরদেহ রাখা হলে সেখানে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন পরিবারের সদস্য, সহকর্মী ও অসংখ্য ভক্ত।
দুপুরের দিকে মরদেহ শিবাজী পার্কে নেওয়া হবে, যেখানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল থেকেই বলিউড ও রাজনৈতিক অঙ্গনের নানা তারকা শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে তার বাসভবনে উপস্থিত হন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সেখানে গিয়ে মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং আনুষ্ঠানিক শ্রদ্ধা জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।
বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ, অভিনেত্রী টাবু এবং ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার-ও শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন।
গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকরা জানান, বার্ধক্যজনিত কারণে একাধিক অঙ্গ বিকল হয়ে (মাল্টি অর্গান ফেলিওর) তার মৃত্যু হয়েছে।
দীর্ঘ সংগীতজীবনে হাজারো জনপ্রিয় গান উপহার দেওয়া আশা ভোঁসলে ভারতীয় সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। ২০০৮ সালে তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মভূষণ’ এবং সংগীতের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হন। ১৯৯৭ সালে প্রথম ভারতীয় নারী কণ্ঠশিল্পী হিসেবে তিনি ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছিলেন। তার প্রয়াণে বিশ্ব সংগীতাঙ্গনে এক যুগের অবসান ঘটল।