শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

চার বছর পর বড় মঞ্চে প্রত্যাবর্তন জাস্টিন বিবারের

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

বিশ্বের অন্যতম বড় লাইভ মিউজিক ফেস্টিভ্যাল ‘কোচেলা ২০২৬’ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এবারের আয়োজনে শীর্ষ আকর্ষণ হিসেবে থাকছেন কানাডার জনপ্রিয় পপ সংগীতশিল্পী জাস্টিন বিবার।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে অসুস্থতার কারণে বড় মঞ্চ থেকে দূরে থাকার পর এবারই প্রথমবারের মতো কোনো বড় কনসার্টে ফিরছেন তিনি। ওই সময় র‍্যামসি-হান্ট সিনড্রোমে আক্রান্ত হয়ে মুখের এক পাশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ার কথা জানিয়েছিলেন বিবার। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পাশাপাশি তিনি মঞ্চে ফেরার প্রস্তুতিও নেন।

কোচেলা ফেস্টিভ্যালের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১০ থেকে ১২ এপ্রিল এবং দ্বিতীয় পর্ব ১৭ থেকে ১৯ এপ্রিল। ধারণা করা হচ্ছে, ১১ ও ১৮ এপ্রিল মঞ্চে পারফর্ম করতে পারেন জাস্টিন বিবার। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের জুলাইয়ে তিনি প্রকাশ করেন তার সপ্তম স্টুডিও অ্যালবাম ‘সোয়্যাগ’, এরপর দুই মাসের ব্যবধানে আসে ‘সোয়্যাগ টু’। এবার কোচেলায় তার প্রত্যাবর্তনকে বড় ঘটনা হিসেবেই দেখছেন ভক্তরা।

এবারের আয়োজনে জাস্টিন বিবার ছাড়াও পারফর্ম করবেন সাবরিনা কার্পেন্টার, ক্যারল জি, মোবি, দ্য স্ট্রোকস ও ফ্যাট বয় স্লিমসহ আরও অনেক জনপ্রিয় শিল্পী। আয়োজকদের তথ্য অনুযায়ী, গত বছরের মতো এবারও তীব্র গরমের পরিবর্তে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উৎসব ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার করা হয়েছে। তিন দিনের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে। এবারের কোচেলায় এক লাখ ২৬ হাজারেরও বেশি দর্শক উপস্থিত থাকার আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com