জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান এবার গানের পাশাপাশি অভিনয়েও নজর কাড়ছেন। পরিচালক শিহাব শাহীন তাদের নিয়ে নির্মাণ করেছেন নতুন ওয়েব ফিল্ম তুমি আমি শুধু, যা বাংলা নববর্ষ (১৪ এপ্রিল) উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাবে।
ফিল্মটির শুটিং প্রায় বছরখানেক আগে শেষ হলেও কারিগরি কিছু জটিলতার কারণে মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করেছে ওয়েব প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ।
নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, ফিল্মটির গল্প একটি মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি। সে সবসময় নিজের ইচ্ছা ও চাওয়াকে প্রাধান্য দিয়ে নিজের মতো করে জীবন গড়ে তুলতে চায়। তার এই স্বাধীনচেতা জীবন ও আচরণ একসময় তার ব্যক্তিগত জীবন ও সম্পর্কের মধ্যে নানা জটিলতা সৃষ্টি করে, আর সেই টানাপোড়েন নিয়েই এগিয়েছে চিত্রনাট্য।
শিহাব শাহীন নিজেই পরিচালনার পাশাপাশি ফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন।