আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশি সিনেমা দেলুপি। উৎসব চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।
সিনেমার নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম জানান, ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর ১:৩০ মিনিটে রাজধানীর ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটার-এ প্রদর্শিত হবে। তিনি বলেন, “নেদারল্যান্ডের পর এবার সিনেমাটি অস্ট্রিয়ায় যাচ্ছে। এটি পুরো টিমের জন্য অত্যন্ত আনন্দের এবং বাংলা ও বাংলাদেশের সিনেমার জন্য বড় অর্জন।”
এর আগে, দেলুপি নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম ২০২৬-এ প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
সিনেমাটি খুলনার মাটির গন্ধ, নদীর গল্প, রাজনীতি ও মানুষের বাস্তব জীবনের সংগ্রাম তুলে ধরে। এতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেন সহ অনেকে।
দেলুপি ২০২৫ সালের ৭ নভেম্বর খুলনার প্রেক্ষাগৃহে মুক্তির পর ঢাকার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে ২০২২ সালে তিনি রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য শাটিকাপ নির্মাণ করেন এবং পরে ২০২৪ সালে সিনপাট নির্মাণ করেন।