ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস শৈশব ও কৈশোর কাটানো শহর বগুড়ায় ফিরে সেই স্মৃতিমাখা দিনগুলো স্মরণ করছেন। নিজে গাড়ি চালিয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছেন তিনি। এসময় তিনি কলেজের সামনের জায়গাটিতেও গিয়ে দাঁড়িয়েছেন, যেখানে শৈশব ও কৈশোরের স্মৃতি তার কাছে জীবন্ত হয়ে আছে।
অপু বিশ্বাস জানান, কলেজ জীবনের সময় প্রাক্তন স্বামী শাকিব খান প্রায়ই কলেজের গেটের পাশে একটি ছোট্ট দোকানের কর্নারে দাঁড়িয়ে থাকতেন তাকে এক ঝলক দেখার জন্য। তিনি বলেন, ক্যামেরার আড়ালে তাদের প্রেম সিনেমার মতোই মিষ্টি ছিল, তবে দূরত্ব ও ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটি শেষ পর্যন্ত ভেঙে যায়।
অপু বিশ্বাস চলচ্চিত্রে পদার্পণ করেন ২০০৫ সালে পরিচালক আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে। পরের বছর পরিচালক এফআই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ছবিতে শাকিব খানের বিপরীতে প্রধান অভিনেত্রী হয়ে অভিনয় করেন। অল্প সময়ের মধ্যে তারা দর্শকপ্রিয় জুটি হিসেবে পরিচিতি পান। এরপর ‘আসন’, ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘কাবিননামা’সহ আরও অনেক ছবিতে অভিনয় করেন অপু।
উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন তারা। পর্দার আড়ালের এই সম্পর্ক তখন প্রকাশ্যে আসে যখন তাদের জীবনে প্রথম সন্তান আসে।